রাজধানীর ১৩টি স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: সেবার মান ও পরিচ্ছন্নতায় কড়া বার্তা

নাগরিক সেবার মান বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরখ করতে রাজধানীতে এক আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) টানা সাড়ে চার ঘণ্টা ধরে তিনি ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টারসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা সফর করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর দেওয়া তথ্যমতে, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর এই পরিদর্শন কর্মসূচি শুরু হয় এবং দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সরেজমিনে পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের শুরুতেই প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখান থেকে রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এরপর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজে যান তিনি।

পরবর্তী ধাপে আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের অংশ হিসেবে তিনি নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে শিক্ষার্থীদের এক হয়ে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার এবং ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের তাগিদ দেন তিনি। পরিদর্শনের শেষভাগে ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কোয়ার্টার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এছাড়া মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাতও তিনি ঘুরে দেখেন, যেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বেশ কিছু স্থানে পরিবেশ অপরিচ্ছন্ন দেখে ও ব্যবস্থাপনার ত্রুটি দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজিমপুর সরকারি কোয়ার্টারের পরিবেশ দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের আলটিমেটাম দেন তিনি। অন্যদিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিবেশ সুসংহত করতে সময় দেওয়া হয় সাত দিন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় এক অভাবনীয় ঘটনা ঘটে। হাসপাতালটির সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধোঁয়াচ্ছন্ন ও অপরিচ্ছন্ন পরিবেশে ধূমপানরত অবস্থায় দেখতে পান প্রধানমন্ত্রী। হাসপাতালে ধূমপানের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে।
এই ঝটিকা পরিদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা, পরিবেশ রক্ষা এবং সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال