মিস ইউনিভার্সে ব্যস্ত সময় পার করছেন মাহি, ঘুমানোর সুযোগ পান মাত্র ২–৩ ঘণ্টা

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই আয়োজন ঘিরে প্রতিদিনই নানা কর্মসূচি, মহড়া, ফটোশুট ও অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটছে তাঁর। পুয়ের্তো রিকো থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রস্তুতি, অভিজ্ঞতা ও দৈনন্দিন রুটিনের কথা জানিয়েছেন তিনি।

মাহির কাছে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়া এবং তাঁদের সংস্কৃতি, চিন্তাভাবনা ও জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন তিনি। প্রতিযোগিতার পাশাপাশি সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় বিষয়টি তাঁর কাছে আরও আনন্দের হয়ে উঠেছে।

প্রতিদিন চলছে নানা প্রস্তুতি

মিস ইউনিভার্সের জন্য শুধু বাহ্যিক প্রস্তুতি নয়, মানসিকভাবেও নিজেকে তৈরি করছেন মাহি। প্রতিদিন রিহার্সাল, মঞ্চে অনুশীলন, সাক্ষাৎকার, বিভিন্ন অনুষ্ঠান এবং স্পনসরদের আয়োজনে অংশ নিতে হচ্ছে তাঁকে।

নিজের আত্মবিশ্বাস, হাঁটাচলা ও কথা বলার ধরন উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন তিনি।

মাহি জানান, বাংলাদেশের নাম শুনে বিভিন্ন দেশের প্রতিযোগীরা আগ্রহ নিয়ে দেশটির সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা সম্পর্কে জানতে চান। তাঁদের কাছে বাংলাদেশের সৌন্দর্য, ঐতিহ্য এবং মানুষের আতিথেয়তার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন তিনি।

ভোর ৪টায় শুরু হয় দিন

মাহির প্রতিদিনের রুটিনও বেশ ব্যস্ত। ভোর ৪টায় ঘুম থেকে উঠে মেকআপ ও প্রস্তুতি নিতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। সকাল সাড়ে ৫টার মধ্যে নিচে নেমে নাশতা করেন। এরপর সাড়ে ৬টার মধ্যে বাসে করে দিনের কর্মসূচিতে যোগ দিতে বেরিয়ে পড়েন।

সারা দিন বিভিন্ন স্থানে রিহার্সাল, ফটোশুট ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে হয়। রাতের খাবারের পাশাপাশি থাকে আরও কয়েকটি অনুষ্ঠান ও কর্মসূচি। ফলে পুরো দিনই ব্যস্ততার মধ্যে কাটে।

ঘুমানোর সুযোগ মাত্র দুই থেকে তিন ঘণ্টা

সব কর্মসূচি শেষ করে হোটেলে ফিরতে ফিরতে রাত ১২টা বেজে যায়। এরপর পরদিনের পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গোসল সেরে ঘুমাতে যেতে রাত ১টা থেকে দেড়টা হয়ে যায়।

মাহি জানান, এত ব্যস্ততার কারণে ঘুমানোর জন্য মাত্র দুই থেকে তিন ঘণ্টা সময় পান। তারপরও প্রতিটি মুহূর্ত উপভোগ করার এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। কারণ, জীবনে এমন আন্তর্জাতিক অভিজ্ঞতা বারবার আসে না।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال