শেখ হাসিনার বিচার নতুন করে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিনিময়ে তাঁর বিচার নতুন করে করার বিষয়ে ভারতের সম্ভাব্য প্রস্তাব নাকচ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সংগৃহীত


রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটির পক্ষ থেকে ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের প্রস্তাব এলেও বাংলাদেশের আইনে এমন কোনো সুযোগ নেই। প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই তাঁর বিচার সম্পন্ন হয়েছে এবং আইন অনুযায়ী সাজা কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত বিবেচনা করতে পারে। এর মধ্যে রয়েছে বাংলাদেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা এবং মামলাটির নতুন করে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার নিরাপত্তা এবং বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতার বিষয়টিও ভারতের বিবেচনায় থাকতে পারে।

তবে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এ ধরনের প্রস্তাব এলেও বাংলাদেশের বিদ্যমান আইন ও বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে নতুন করে বিচার করার সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় তাঁর আপিলের সুযোগ শেষ হয়েছে। দেশে ফিরলে আইন অনুযায়ী সাজা কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

সংগৃহীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال