বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের প্রথম চালানের ১৮টি নতুন কোচ দেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ২টা ৪০ মিনিটে কোচবাহী বিশেষ রেকটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। নতুন এসব কোচ চালু হলে দেশের পশ্চিমাঞ্চলের রেলপথগুলোতে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি যাতায়াত আরও আরামদায়ক ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সরবরাহ করছে ভারতের সরকারি প্রতিষ্ঠান রাইটস লিমিটেড (RITES Limited)। কোচগুলো তৈরি করা হয়েছে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত আধুনিক রেল কোচ ফ্যাক্টরিতে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও প্রক্রিয়া সম্পন্ন করে গত ১২ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে পাঞ্জাব থেকে ১৮টি কোচের প্রথম চালানটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ পথ অতিক্রম করে দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো সফলভাবে দেশে প্রবেশ করে।
শুক্রবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে কোচগুলো এসে পৌঁছালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের পক্ষে ট্রাফিক ইন্সপেক্টর শুভজিৎ ঘোষের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে কোচ গ্রহণের সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল মাহমুদ, পাকশীর আরএনবি কমান্ড্যান্ট রেজানুর রহমান, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) মোহাম্মদ রবিউল ইসলাম এবং দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মামুনুর রশিদসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
প্রথম চালানে আসা ১৮টি আধুনিক কোচের গঠন সম্পর্কে তথ্য জানিয়ে পাকশীর বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “২০০টি কাঙ্ক্ষিত ব্রডগেজ কোচের মধ্যে প্রথম চালানের ১৮টি কোচ আমরা গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে ২টি এসি স্লিপার কোচ, ৩টি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং ২টি পাওয়ার কার। ভারতীয় সীমান্ত থেকে দর্শনা পর্যন্ত আসার পথে ট্রেনটির প্রাথমিক চলাচল পর্যবেক্ষণ করা হয়েছে। কোচগুলোর রাইডিং কোয়ালিটি অত্যন্ত মানসম্পন্ন এবং চলাচলের সময় কোনো অস্বাভাবিক শব্দ বা ত্রুটি পাওয়া যায়নি। আমরা আশা করছি, এই কোচগুলো পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবার মান বহুলাংশে বৃদ্ধি করবে এবং রেলওয়ের রাজস্ব আয়েও ইতিবাচক অবদান রাখবে।”
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মামুনুর রশিদ জানান, দর্শনা বন্দরে কাস্টমস ও রেলওয়ে সংক্রান্ত প্রাথমিক আনুষ্ঠানিকতা এবং খালাস প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো দ্রুত চুয়াডাঙ্গা থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে ট্রায়াল রান, কমিশনিং ও ডিপ্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ, ক্রু ও টুলভ্যানসহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৈয়দপুর কারখানায় কারিগরি ছাড়পত্র পাওয়ার পর কোচগুলো আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত যাতায়াত শুরু করবে। প্রকল্পের বাকি ১৮২টি কোচও পর্যায়ক্রমে চালানে চালানে দেশে আসবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
